দেশে ফিরেছে ক্রিকেট দল : সাকিবদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল!
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১১

নিজেদের চেয়ে খর্ব শক্তির দল জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে সাকিব বাহিনীর কাছে দেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক।
কিন্তু ময়দানি লড়াইয়ে তথাকথিত টাইগারদের টেস্ট থেকে ছয় বছর নির্বাসনে থাকা জিম্বাবুইয়ানরা উল্টো এক হাত দেখিয়ে দিয়েছে। টেস্ট জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজও নিজেদের করে নেয় তারা। প্রতিশ্রুতির ঠিক উল্টো কাজটিই করেছে সাকিব, তামিমরা। দলের এমন হতশ্রী পারফরমেন্স মেনে নিতে পারেননি দেশের ক্রিকেটপাগল মানুষগুলো। তাই মঙ্গলবার রাতে ক্রিকেটারদের দেশে ফেরার কথা শুনেই রাত তিনটায় বিমানবন্দর এলাকায় ভিড় জমান ক্রিকেট ভক্তরা। তবে এ ভিড় সোনার ছেলেদের (!) অভ্যর্থনা দিতে নয়, তাদের ভর্ত্সনা জানাতে। ‘ক্রিকেটপ্রেমী’ সংগঠনের নামে একদল যুবক ঝাড়ু ও জুতার মালা নিয়ে হাজির হন বিমানবন্দরে। এ সময় তারা সাকিবদের এমন হতাশাজনক পারফরমেন্সের তদন্তের দাবিসংবলিত প্লাকার্ডও প্রদর্শন করেন। নির্ধারিত সময়ে ক্রিকেট দল বিমানবন্দরে পৌঁছার পর ভিআইপি লাউঞ্জে সাকিবকে বিষণ্ন দেয়ায়। তিনি মিডিয়াকে বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এমন বাজে পারফরম্যান্সের জন্য আমাদের প্রস্তুতির ঘাটতিটাকেই বড় করে দেখছি। সিরিজ খেলতে যাওয়ার আগে যদি ঠিক মতো দীর্ঘ সময় অনুশীলন করতে পারতাম, তাহলে আমরা আরও ভালো করতে পারতাম। শেষ দুটি ওয়ানডেতে আমরা অনেক ভালো খেলেছি। তবে আমি বলছিনা যে, প্রথম তিনটি ম্যাচে খারাপ খেলেছিলাম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি।
এদিকে ক্রিকেটপ্র্রেমী সংগঠনের এক সদস্য জানান, জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যাওয়ার আগে আমাদের ক্রিকেটাররা অনেক আশার বাণী শুনিয়েছেন। তাদের কথা শুনে মনে হয়েছিল জিম্বাবুয়ে একেবারেই নস্যি একটা দল। তাদেরকে পরাস্ত করে সিরিজ ঘরে তোলা কোনো বিষয় নয়। কিন্তু প্রতিপক্ষ যত দুর্বলই হোক না কেন তাকে যে সমীহ করা উচিত, সেটা জিম্বাবুইয়ানরা মাঠের লড়াইয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রস্তুতি ছাড়া ম্যাচ খেলার শিক্ষাটাও দারুণভাবে দিয়েছে তারা। ওই সমর্থক ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকীরা বারবার ব্যর্থতার পরিচয় দিলেও তাদের ওপরই নির্বাচকরা আস্থা রাখছেন। তাদের এ আস্থা যদি অব্যাহত থাকে তাহলে দলের অবস্থা আরও খারাপ হবে। তাই তাদের উচিত টপঅর্ডারে পরিবর্তন আনা।
সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০
Add comment